images

শিক্ষা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১১:২৪ এএম

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন নিয়োগ পেয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেগীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

একজন দক্ষ সার্জন এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার এই নিয়োগের মধ্য দিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক সালেহীনের বর্ণাঢ্য কর্মজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার নেতৃত্ব বিশেষ সহায়ক হবে। নতুন এ দায়িত্ব পাওয়ায় তাকে চিকিৎসক সমাজ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

তিনি খুব শিগগিরই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করবেন বলে সূত্র জানিয়েছে।

আরটিভি/এসএস