মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৬:৪৫ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ড. ইয়ারুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড বায়োলজিকাল কেমিস্ট্রি বিভাগে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
দীর্ঘ চার দশকেরও অধিক সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের একজন প্রাক্তন অধ্যাপক।
তিনি ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়াও কুয়েত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) একাডেমিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।
গবেষণার ক্ষেত্রে ড. ইয়ারুল কবিরের অবস্থান বিস্তৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট-ডক্টরাল গবেষণা ও ভিজিটিং সায়েন্টিস্ট (পরিদর্শক বিজ্ঞানী) হিসেবে কাজ করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্র হলো নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি, জেনেটিক পলিমরফিজম, ক্যানসার, ডায়াবেটিস এবং জনস্বাস্থ্য পুষ্টি।
তার ১৪০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে ক্যানসার, জিনগত পরিবর্তন, পুষ্টি ও বিভিন্ন রোগের উপর গুরুত্বপূর্ণ গবেষণা তুলে ধরা হয়েছে। গুগল স্কলারের তথ্যানুযায়ী তার সাইটেশনের সংখ্যা ৩৩৫৪। এছাড়াও তিনি একাধিক আন্তর্জাতিক বই সম্পাদনা ও বইয়ের অধ্যায় রচনায় অংশগ্রহণ করেন।
ড. ইয়ারুল কবির তার গবেষণার কৃতিত্বস্বরূপ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স ফেলোশিপ (২০২৩), বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল (২০২১) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড (২০২৫)। তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদক, সহযোগী সম্পাদক, সম্পাদকীয় সদস্য ও রিভিউয়ার হিসেবেও কাজ করেছেন।
২০২৩ সালে দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস)-এর ফেলো নির্বাচিত হন এবং ২০২৫ সালে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ইনভারনমেন্টাল ল্যাবরেটরির প্রধান বিজ্ঞানী হিসেবে কাজ করেন। তিনি ইনোবায়োটেক লি. প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
আরটিভি/এমআই