বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৪:১৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। যোগদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করে শিক্ষকতা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমান অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমি আপনাদেরই একজন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোন ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
আরটিভি/এসএস