বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৫:৫৬ পিএম
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে দেরি হতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন না আসায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের শেষ নাগাদ শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে বলেও জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা যায়, প্রতি মাসের মতো এবারও নিয়মানুযায়ী বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর বেশ কিছু কারিগরি ধাপ পার করতে হয়। প্রস্তাবটি অনুমোদনের পর তা ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমে আপলোড করতে হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষে তা বাংলাদেশ ব্যাংকে যাবে এবং সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠানোর পর শিক্ষকরা তা উত্তোলন করতে পারবেন।
মাউশির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে দাপ্তরিক সব কাজ শেষ করার চেষ্টা চলছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে দাপ্তরিক কাজে বিলম্ব হলে ১০ অথবা ১১ মে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু রয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে ছাড় করা হয়।
আরটিভি/এআর