রোববার, ০৩ মে ২০২৬ , ০৩:৩৬ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে ২০২৬) এই ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা দুইটি উপায়ে ফল জানতে পারবেন, মোবাইলে বার্তা পাঠিয়ে এবং অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে।
মোবাইলের মাধ্যমে ফল জানতে প্রার্থীদের বার্তা অপশনে গিয়ে NU ATHN লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানা যাবে।
অন্যদিকে অনলাইনে ফল জানতে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ফলাফল অপশন নির্বাচন করে ফল দেখা যাবে। প্রয়োজন হলে তা ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে।
এর আগে গত ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তিসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৩১টি বিষয়ে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী আবেদন করেন। সারা দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।
জানা গেছে, সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি এবং বেসরকারি কলেজে আবেদন করেছে ৫৮ হাজার ৯১৯ জন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হলেও গত বছর থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
আরটিভি/জেএমএ