images

শিক্ষা

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি–সহায়তা, সময় আছে ১ দিন

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৩:০২ পিএম

উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ে ভর্তিকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৬ হাজার টাকা ভর্তি–সহায়তার অনলাইন আবেদন কার্যক্রম চলছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

ট্রাস্টের তথ্যমতে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ে ৮ হাজার টাকা হারে ভর্তি–সহায়তা দেওয়া হচ্ছে।

আবেদনের শর্ত

আবেদনকারী শিক্ষার্থীকে আগের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ–৫ এর ক্ষেত্রে অন্তত ৩.৫০ অর্জন করতে হবে। এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন
Web-Image

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের নতুন নির্দেশনা

এছাড়া পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার মধ্যে হতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধির সনদ দ্বারা হতদরিদ্রতার প্রমাণ দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি এবং শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক হিসাবের তথ্য আপলোড করতে হবে।

সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

ভর্তি–সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হেল্পলাইন নম্বরে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) অফিস সময়ের মধ্যে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আরটিভি/জেএমএ