images

শিক্ষা

২০২৭ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৩:২৫ পিএম

২০২৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুন ২০২৭ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর শিক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

পাবলিক পরীক্ষার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারের একটি বড় পরিকল্পনার কথা জানান মন্ত্রী। 

তিনি বলেন, সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে। এই সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

একই সংবাদ সম্মেলনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখও পুনর্নিশ্চিত করা হয়। আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে।

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে বোর্ডগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আরটিভি/এমএ