images

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন 

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৫:৪৮ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। এ পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ একাডেমিক জীবনে তিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

আরও পড়ুন
15

শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল

এ ছাড়া তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং নতুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য।

এই নিয়োগের মাধ্যমে তিনি হবেন বিশ্ববিদ্যালয়টির ৮ম উপাচার্য।

আরটিভি/এসএস