বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৬:০১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। সরকারী সংবাদ
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে।
এতে আরও বলা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, প্রক্টর, এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাছাড়া তিনি ইবি শাখা সাদা দলের আহ্বায়ক, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবেও সুপরিচিত। তাছাড়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া জাতীয় বিভিন্ন টেলিভিশন টকশোতেও নিয়মিত মতামত দিয়ে থাকেন তিনি। এই নিয়োগের মাধ্যমে তিনি হবেন বিশ্ববিদ্যালয়টির ১৫ তম উপাচার্য।
আরটিভি/এসএস