বুধবার, ১০ জুন ২০২৬ , ০৪:১৯ পিএম
পরিবেশ রক্ষায় ‘সবুজ স্বেচ্ছাসেবা’, ‘ক্লাইমেট ইউথ ফেলোশিপ’ এবং ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বুধবার (১০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণ করে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ একাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
জোবাইদা রহমান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করছি। সৌদি আরবের মরুভূমিতে জিয়াউর রহমান ‘জিয়া নিম ট্রি’ রোপণের উদ্যোগ নিয়েছিলেন। আজ মুসলিম উম্মাহর বহু হজযাত্রী আরাফার ময়দানে সেই ছায়ায় রৌদ্রের তাপ থেকে শান্তি পাচ্ছেন। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করর ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবী আরও সুন্দর বাসযোগ্য সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যতে প্রজন্মের জন্য। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম,প্রতিটি শহর।
তিনি বলেন, বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক এবং প্রজন্মগত এক সবুজ বিপ্লবে রুপান্তর করা যায়। সবুজ সেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করা যায়। শিক্ষার্থীদের সচেতন করতে পাঠ্যক্রমে যুক্ত করা যায় ‘সবুজ সেচ্ছাসেবা’।
জোবাইদা রহমান আরও বলেন, আমরা যারা বিজ্ঞানের জগতের সাথে যুক্ত-কঠিন চিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্যপ্রযুক্তি, বিবিধ-মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগীতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সুষ্ঠু প্রতিযোগতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্খা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। বিজ্ঞানের ইনোভেশনের মাধ্যমে বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের উদ্যোগ ও আকাঙ্খা। সাইন্টেফিক দ্বারা দেশের মানুষের বহু কষ্ট লাঘব করা যায়। বিজ্ঞান চিন্তায় মগ্ন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা সারাদেশে গোটা বিশ্বের ভরসা। তাদের চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য ড. আ ফ. ম. ইউসুফ হায়দার।
আরটিভি/এমএম