সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৩৮ পিএম
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে-এমন সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্যরা তাদের এলাকায় হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ খুব কমই করেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।
এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আরটিভি/ এমএ