মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১১:০৪ এএম
সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাউশি ডিজি বলেন, শিক্ষাক্ষেত্রে অর্জন ও উৎকর্ষ ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষাকে পৃথকভাবে না দেখে একটি সমন্বিত কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরইমধ্যে কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হয়েছে।
মাউশি ডিজি আরও বলেন, বর্তমান প্রশাসনের সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ভালোভাবে এগোচ্ছে। আগামী দিনে মাদ্রাসা শিক্ষার স্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে। শিক্ষা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা হলেও লক্ষ্য একটিই। সিটি হচ্ছে শিক্ষার উন্নয়ন। মাদ্রাসা, মাধ্যমিক কিংবা কারিগরিসহ যে স্তরেই কাজ করা হোক না কেন, সবাই একই শিক্ষা পরিবারের অংশ হিসেবে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের ৫১টি অঙ্গীকারের মধ্যে ৪৩টি শিক্ষা সংশ্লিষ্ট। এর মধ্যে ২৯টি বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে ১৮০টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চিন্তা ও অঙ্গীকার নিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে।
আরটিভি/টিআর