সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০১:১৩ পিএম
প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল থেকেই প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে সেখানে ভিড় করেন তার বন্ধু, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য শুভানুধ্যায়ী।
শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন আমাদের সমাজ ও মননশীলতার এক আলোকবর্তিকা। মুক্তবুদ্ধি ও সত্যের পক্ষে তার আপসহীন কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে আজীবন পথ দেখাবে। দেশের প্রতি তার অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখারও আহ্বান জানান তিনি।
বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মরহুমের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-এ আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-এ তাকে দাফন করা হবে।
আরটিভি/এমএ