মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:১৮ এএম
দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচি। আগামী সেপ্টেম্বর মাস থেকে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও প্রচারণার নির্দেশ দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত ২৯ জুনের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে। আদেশে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশন কার্যক্রম গত ১ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেশকিছু পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এ বিষয়ে অবহিত করতে হবে এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও নির্দেশনাটি ঝুলিয়ে দিতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ‘ড্রপ ডাউন ব্যানার’ প্রদর্শন করতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই স্পোর্টস কর্মসূচির প্রচারণা চালাতে বলা হয়েছে।
আরটিভি/এমএ