images

ক্যাম্পাস

১০ বছরেও স্নাতক শেষ না করার যে কারণ দেখালেন মেঘমল্লার বসু

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ , ১১:৫৯ পিএম

দীর্ঘ দশ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক সম্পন্ন করতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন বামপন্থী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসু। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এখনো অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় মেঘমল্লার বসুর নাম ও ছবি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। শিক্ষার্থীরা তার দীর্ঘ শিক্ষাজীবন নিয়ে প্রশ্ন তুলছেন।

হাবিবুর রহমান নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ছাত্রদলের অনেকেই হয়রানির কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেনি, কিন্তু বসুর কী সমস্যা ছিলো?

আরেক শিক্ষার্থী সৌরভ লিখেছেন, মেঘমল্লার বসু যখন ক্যাম্পাসে আসেন, তখন আমার মুখে দাড়ি-গোঁফ ওঠেনি। এখন আমার মুখ ভর্তি দাড়ি। এই ব্যক্তি এখনো আন্ডারগ্রাজুয়েট কমপ্লিট করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে মেঘমল্লার বসু বলেন, তিনি প্রথম ও দ্বিতীয় বর্ষ পরপর পাস করেছেন। কিন্তু ২০১৮ সালের পর বাধ্যতামূলক উপস্থিতি না থাকায় তিনি পরীক্ষা দিতে পারেননি।

তিনি জানান, ২০২১ সালে শিক্ষাজীবনে ফিরে আসেন এবং ২০২২ সালে অষ্টম সেমিস্টার শেষ করেন।

তবে তিনি তিনটি ভিন্ন ভিন্ন কোর্সে উত্তীর্ণ হতে না পারায় ভোটার তালিকায় তার নাম চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে এসেছে বলে জানান। তিনি জোর দিয়ে বলেন, আমি অষ্টম সেমিস্টার কমপ্লিট করেছি।

আরটিভি/এএইচ