images

ক্যাম্পাস

গকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল কখন

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫৪ পিএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়। এখন চলছে গণনা।

নির্ধারিত সময়ের পর আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যারা তখনও কেন্দ্রে লাইনে ছিলেন, তারা কেবল ভোট দিতে পেরেছেন।

আরও পড়ুন
Web-Image.jpg-1

যেসব কারণে অন্যান্য ছাত্র সংসদের তুলনায় ব্যতিক্রম গকসু নির্বাচন

নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, যা সরাসরি ট্রান্সপোর্ট ইয়ার্ডে সম্প্রচার হচ্ছে এলইডি স্ক্রিনে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে।

নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন নিয়ে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। সর্বশেষ (দুপুরে) পাওয়া তথ্যানুযায়ী, ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছিল। 

গবি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মতে, এবারের গকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। বর্তমানে ফলাফলের জন্য শিক্ষার্থীসহ সবাই অপেক্ষা করছেন।

নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব নেই। কেউ নিয়ম লঙ্ঘন করলে শোকজ করা হচ্ছে। ৩-৪ ঘণ্টার মধ্যে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা যাবে আশা করি।

আরটিভি/এস