মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০৭:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করার ঘটনায় করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এই তদন্তের আদেশ দেন।
মামলায় মোনামি অভিযোগ করেছেন, তার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করেছে এবং তাকে মানসিক কষ্ট দিয়েছে।
এই মামলার আসামিরা হলেন—সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান।
এ ঘটনায় মোনামির পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
তিনি বলেছেন, মেয়েদের শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ম্যামের মতো সাহসী হওয়া উচিত। সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিরুদ্ধে এমন বোল্ড স্টেপ নেওয়া উচিত।
এদিকে, ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেন, মোনামি ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
তিনি আরও লিখেছেন, অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং পরবর্তীতেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।
আরটিভি/এএইচ-টি