বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৫:১৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষ থেকে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া গেছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত সোনিয়া সুলতানা তানিয়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আকতার বানু গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যাই। গতকাল তানিয়ার ভাইভা ছিল, ভালোই দিয়েছে। কিন্তু কেন এমন করল, আমরা কেউই বুঝতে পারছি না।
তার কক্ষ থেকে কয়েকটি চিরকুট পাওয়া গেছে, সেখানে লেখা মাফ করে দিও। পুলিশ প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছে।
তিনি বলেন, ভোর ৬টার দিকে তানিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।
কক্ষে পাওয়া চিরকুটে মৃত্যুর কারণ না থাকলেও ছিল হতাশার কথা। এর মধ্যে একটিতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম না করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, আব্দুল মালেক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবার না চাওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়নি।
আরটিভি/এএএ