রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৬:৩৮ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ পিছিয়েছে। আগামী ২০ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সম্মেলন কক্ষে সকল স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র-সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশনারবৃন্দদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচনবিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সবার সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না শাকসু নির্বাচন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে।
আরটিভি/এএএ