images

ক্যাম্পাস

২১ বছরে প্রথমবার জকসু নির্বাচন আজ

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৮:২৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও সেদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তারিখ হিসেবে ৬ জানুয়ারি নির্ধারণ করে।

জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।

নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর যথারীতি খোলা থাকবে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মোট আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. ভোট প্রদানের উদ্দেশ্যে শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। 

২. ভোট প্রদান শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২ ও ৩ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন। 

৩. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধুমাত্র ২ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন।

৪. কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।

আরও পড়ুন
Web-Image

মক ভোটিং নিয়ে বিভ্রান্তি, স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সুযোগ নেই: জকসু নির্বাচন কমিশন

৫. বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেইট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

৬. ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। 

৭. মেডিক্যাল টিম ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতর অবস্থান করবে।

৮. নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নন, এমন সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। 

আরটিভি/কেআই