images

ক্যাম্পাস

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশেষ বাস সার্ভিস

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০২:৩৬ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন তিনদিন দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি আধ ঘণ্টা পর পর বাস চলাচল করবে। এতে ভোরে ট্রেনে আসা পরীক্ষার্থীরা সহজেই ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন। 

আবার পরীক্ষা শেষে বিকেল ৫টা থেকে শিক্ষার্থী থাকা পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে শহরে প্রতি আধ ঘণ্টা পর পর বাস চলাচল করবে। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বিআরটিসির দ্বিতল বাসগুলো চলাচল করবে। 

পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি। ২৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন। ২৭ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য। স্থাপত্য বিভাগের জন্য আলাদা ড্রয়িং পরীক্ষা হবে বিকেলে। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা, যেখানে ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন। একই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য।  

সব মিলিয়ে এবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার, যেখানে আসন সংখ্যা মাত্র ১ হাজার ৭৯৫টি। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫২ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরটিভি/এএএ