images

ক্যাম্পাস / অন্যান্য

সবুজপ্রান্তরে সম্প্রীতির ইফতার

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৪ পিএম

পবিত্র রমজান মাস সংযমের মাস তবে একই সঙ্গে এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও মাস। রমজান এলেই অনেকেই পরিবারের সঙ্গে ইফতারের স্মৃতিচারণ করেন, কারণ একসঙ্গে ইফতার করা এই মাসের এক অনন্য সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ধারণ করে এবং পরিবার থেকে দূরে থাকার শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে ইফতারের আয়োজন করে থাকেন।

প্রতি বছর রমজানজুড়ে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, একাডেমিক ভবনের বারান্দা, আবাসিক হলের কক্ষ, মসজিদ কিংবা সবুজ ঘাসে বসে শিক্ষার্থীদের ইফতার করার মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। চলতি বছর মাঠের সংস্কারকাজ চলমান থাকায় শিক্ষার্থীরা বিকল্প স্থান হিসেবে বেছে নিয়েছেন প্রশাসনিক ভবন সংলগ্ন সবুজ মাঠ, সেতুবন্ধন সংলগ্ন মাঠ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনের খোলা প্রাঙ্গণ।

Campus_002

রমজানের প্রথম দিন থেকেই এসব স্থানে নিয়মিত ইফতার করতে দেখা গেছে তাদের। গত ২৫ ফেব্রুয়ারি, বুধবার পবিত্র রমজানের সপ্তম রোজায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতারের আয়োজন করা হয়। এতে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। অন্যান্য দিন বিকেলে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বৃত্তাকারে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছেন। কেউ শরবত তৈরি করছেন, কেউ খেজুর বণ্টনে ব্যস্ত। সবার চোখে অপেক্ষা কখন শোনা যাবে মাগরিবের আজান। ইফতারের আয়োজন খুব জাঁকজমকপূর্ণ না হলেও সবার মুখে ছিল ক্লান্তি মেশানো তৃপ্তির হাসি।

প্রতি বছরের মতো এবারও বিকেল গড়াতেই বিভিন্ন হলের সামনে ইফতারসামগ্রী বিক্রি করতে দেখা যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট, দ্বিতীয় গেট ও কদমতলা এলাকায়ও জমে ওঠে ইফতারের দোকান।

বিদ্রোহী হলের শিক্ষার্থী হাফিজ বলেন, প্রতি বছরই রমজান আসে, তবে এবারের রমজান যেন একটু ভিন্ন। গত বছর হল প্রশাসন শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছে। ফলে আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে। বন্ধুদের সঙ্গে মাঠে বসে ইফতার করার আনন্দ এবারের রমজানকে আরও বিশেষ করে তুলেছে।

ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনও ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিও আয়োজন করে ইফতার মাহফিল।

সব মিলিয়ে মাহে রমজানকে ঘিরে এসব আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে করে তুলেছে উৎসবমুখর। পরিবারকে কাছে না পেলেও বন্ধু, সহপাঠী এবং সিনিয়র-জুনিয়রদের সান্নিধ্যে শিক্ষার্থীরা খুঁজে নিচ্ছেন পরিবারের উষ্ণতা। তাই সবুজ ঘাসে বসে একসঙ্গে ইফতার করার এই মুহূর্তগুলোই হয়ে উঠছে তাদের জীবনের এক একটি জীবন্ত স্মৃতি।

লেখক, শিক্ষার্থী
মোঃ শাহিদুল ইসলাম সবুজ
আইন ও বিচার বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আরটিভি/এমআই