images

ক্যাম্পাস / শিক্ষা

হাবিপ্রবিতে শুরু আন্তর্জাতিক ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন কনফারেন্স

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৩:৫৯ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী “৩য় আন্তর্জাতিক ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন কনফারেন্স”।

বাংলাদেশ এসোসিয়েশন ফর কমপিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্স (বিএসিএমএস) এর  উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “গ্রিন কেমিস্ট্রি এন্ড সাসটেইনেবল ইনোভেশন: ফ্রম মলিকুলার ডিজাইন টু ক্লিন টেকনোলজি”।

রোববার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের বিশিষ্ট গবেষক প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দেশবরেণ্য শিক্ষাবিদ ও গবেষকরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে। এটি দেশি ও বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও সহযোগিতা বাড়ানোর এক চমৎকার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। একই সাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এটি নতুন জ্ঞান অর্জন এবং আধুনিক গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক আন্তর্জাতিক এই কনফারেন্সে তাকে আমন্ত্রণ জানানোর জন্য হাবিপ্রবি প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক অগ্রযাত্রার প্রশংসা করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বর্তমান বিশ্বে গবেষণার পরিধি ও গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং যেকোনো দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমানে কম্পিউটেশনাল কেমিস্ট্রি বৈজ্ঞানিক গবেষণার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ, নতুন উপকরণ উদ্ভাবন এবং গবেষণার গতি ত্বরান্বিত করতে এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন
MAWLANA-VASANI

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

তিনি আরও বলেন, কম্পিউটেশনাল কেমিস্ট্রির ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য ইতোমধ্যে বিশ্বের তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কারের মতো শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করেছেন, যা এই ক্ষেত্রটির আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও সুদৃঢ় করেছে। বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল মেথডের পাশাপাশি কম্পিউটেশনাল বিশ্লেষণ ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই বর্ণিল সম্মেলনে দেশ ও বিদেশের প্রায় ৩০০ জন গবেষক, শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্মেলনে সাস্টেইনেবল সিন্থেসিস, রিনিউএবল এনার্জি এবং অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কী নোট লেকচার, টেকনিক্যাল সেশন এবং পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।

আরটিভি/এআর