images

ক্যাম্পাস

শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৩:৩৬ পিএম

নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর হাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবিতে শোক ও প্রতিবাদের মৌন মিছিল করেছেন আসমা সাদিয়া রুনার সহকর্মী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডেরও বিচার চেয়েছেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে ‘সাধারণ শিক্ষক’-এর ব্যানারে মৌন মিছিল বের করেন ইবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসন ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

আরও পড়ুন
Web-Image---01.jpg

পরিবেশ সচেতনতা বাড়াতে গ্রিনোভা কর্মসূচি আয়োজিত

এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের তিয়াশা চাকমা, ড. মনজুর রহমান, ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ; অর্থনীতি বিভাগের ফারহা তানজিম তিতিল, ড. গফুর গাজী, ড. আব্দুস সামাদ, ড. বশির আহমেদ, ড. খোদেজা খাতুন, সহকারী অধ্যাপক আতিফা কাফি, ইনজামুল হক সজলসহ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

এ সময় তাদের হাতে ‘আমরা নীরব, কিন্তু আমাদের দাবি স্পষ্ট’, ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘শিক্ষকদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব’, ‘বিচারহীনতার চর্চা বন্ধ করো’, ‘Justice for Runa, Stop Violence Now’, ‘নিরপেক্ষ তদন্ত চাই, প্রভাবমুক্ত বিচার চাই’, ‘রুনা হত্যার বিচার চাই’, ‘হত্যার বিচার না হলে নিরাপত্তা কোথায়’—ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এছাড়াও প্রশাসনের কাছে তিনটি দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা—হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা।

মিছিল শেষে শিক্ষকরা বলেন, রুনা হত্যার তদন্তে অপরাধী কাউকে যেন বাঁচানোর চেষ্টা না করা হয় এবং নিরপরাধ কাউকে যেন ফাঁসানো না হয়। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুততার সঙ্গে এই ঘটনার বিচার করতে হবে। রুনার পরিবার বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এখনো ন্যূনতম কোনো আর্থিক সহযোগিতা পায়নি। রুনার চারটি সন্তানসহ ওই পরিবারের দিকে প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের অন্যায়-অবিচারের পথ যেন এর মধ্য দিয়েই রুদ্ধ হয়।

বাংলা বিভাগের তিয়াশা চাকমা বলেন, আমরা শোকাহত, আমরা ক্ষুব্ধ, আমরা নীরব কিন্তু, আমাদের দাবি স্পষ্ট। শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা আছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং যাদের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই তাদের যেন শাস্তি না হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত প্রক্রিয়া শেষ করে বিচারহীনতার যে চর্চা আমরা দেখে এসেছি, তার অবসান ঘটাতে হবে। সাজিদ আব্দুল্লাহও বিশ্ববিদ্যালয় পরিবারের একটি অংশ। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

আরটিভি/টিআর/এমএম