images

ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর কাছে ক্যাম্পাসের উন্নয়নে যেসব দাবি জানালেন মাভাবিপ্রবি ভিসি

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:৪৬ পিএম

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার কাছে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে ৬ দফা দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

প্রধানমন্ত্রীর উপস্থিতি মঞ্চে দেওয়া বক্তব্যে ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে চলেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

আরও পড়ুন
Web-Image

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি তুলে ধরেন— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের সংস্কার এবং ছাত্রীদের জন্য আধুনিক ও নিরাপদ হল নির্মাণ, অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে গতিশীল করতে একটি আধুনিক অডিটোরিয়াম স্থাপন এবং কেন্দ্রীয় মসজিদের সংস্কার ও সম্প্রসারণ, ভাসানীর মাজারের যথাযথ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ক্যাম্পাসসংলগ্ন শাহজামান দীঘির সংস্কার ও শহীদ মিনার পুনঃনির্মান এবং ভাসানী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ খেলার মাঠ এবং ক্রীড়া অবকাঠামোর আধুনিকায়ন।

ভিসি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও সহযোগিতা পেলে এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মাভাবিপ্রবি শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষে এসব বিষয় বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন।

আরটিভি/এমএইচজে