images

ক্যাম্পাস / শিক্ষা

যে কারণে লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে আশিক

সোমবার, ০৪ মে ২০২৬ , ১১:৪৬ এএম

মহান মে দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী ব্যতিক্রমীভাবে লুঙ্গি ও গামছা পরে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিয়েছেন। মেহনতি মানুষের প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি এই পোশাক বেছে নেন বলে জানিয়েছেন।

শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ভাইভা পরীক্ষায় তিনি এভাবে উপস্থিত হন।

আশিক বলেন, শ্রমিক ও কৃষকের মৃত্যুর খবর এখন অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত প্রতিক্রিয়াতেই শেষ হয়ে যায়। এই বাস্তবতার প্রতিবাদ এবং শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতেই তিনি ভিন্নধর্মী এ উপস্থাপনা বেছে নিয়েছেন।

তিনি আরও জানান, ভাইভা বোর্ডের শিক্ষকরা তার এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং প্রতিবাদের এই ভাষাকে প্রশংসা করেছেন।

ভাইভা বোর্ডে থাকা বাংলা বিভাগের প্রভাষক গোলাম রাব্বানী বলেন, ভাইভার জন্য নির্দিষ্ট কোনো পোশাকনীতি আছে কি না তা তার জানা নেই। শিক্ষার্থী হয়তো একটি বার্তা দিতে চেয়েছে, বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

আরটিভি/এসকে