images

ক্যাম্পাস

ফের দুর্ঘটনার কবলে ঢাবির বাস

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:১০ এএম

আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘কিঞ্চিৎ’ নামের লাল বাস।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মগবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, দুপুরের দিকের ডাউন ট্রিপে কিঞ্চিৎ নামের এ বাসটি মগবাজারে একটি আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়। মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে বাসের ওপরের সামনের দিকের একপাশ ভেঙে যায়। ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের ফার্মেসিতে ড্রেসিং-এর জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন রাফিদ নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ নামক ফেইসবুক‌ গ্রুপে বিষয়টি জানান।

তিনি লেখেন, আজকে ৩টা ২০ মিনিটের দিকে কিঞ্চিৎ বাসটি মগবাজারে একটি আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়। মগবাজার ফ্লাইওভারের সাথে ধাক্কা লেগে বাসের ওপরের সামনের দিকের একপাশ ভেঙে যায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ১-২ জন ভাইকে নিকটবর্তী ফার্মেসিতে ড্রেসিং-এর জন্য নেওয়া হয়।

এই ঘটনার জন্য গাড়ির চালককে‌ই দায়ী করছেন শিক্ষার্থীরা। 

রিজ‌ওয়ান আহমেদ রেফাত নামে এক শিক্ষার্থী বলেন, ড্রাইভারদের বিরুদ্ধে নূন্যতম কোনো পদক্ষেপ নেওয়া হয় না, দুইদিন আগে একটা কুকুরকে মেরে ফেলে গেছিল আজকে আবার ফ্লাইওভার এর সাথে এক্সিডেন্ট।

ন‌ওলিন তাবাসসুম মাহিয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, কিঞ্চিতের ড্রাইভাররা সেধে সেধে রাস্তায় অন্যদের সাথে ঝগড়া করতে যায়। এখনও যদি কিঞ্চিতের বাস কমিটির টনক না নড়ে কিছু বলার নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি রাস্তার সরু অংশে ঢুকে পড়ে। এতে একজন-দুজন সামান্য হাতে আঘাত পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামের লাল দোতলা বাসটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার-তেজগাঁও এফডিসি সংলগ্ন র‌্যাম্প দিয়ে নামার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন।

আরটিভি/টিআর