সোমবার, ১৫ জুন ২০২৬ , ১২:১১ এএম
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক, নারী নির্যাতন এবং মিথ্যা দোষারোপ সাজানোর অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (১৪ জুন) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ইসলামী ছাত্রশিবিরকে 'ধর্ষক ও মুনাফেক' আখ্যা দিয়ে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের মুখে 'ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও', 'বাহ, শফিক চমৎকার, ধর্ষকদের পাহারাদার' 'ধর্ষক ধর্ষক, জামাত-শিবির ধর্ষক', 'ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' এমন স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই কারণে আত্মগোপনে থাকার সময় সারাদেশে প্রচার করা হলো গুম বলে। জামায়াতের আমিরের ফেসবুক পেইজ থেকেই এই গুমের নাটক সাজানো হলো। ১৯৭১ সালেও তারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছে এখনও করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিচারের দাবি জানান। যারা ‘মিথ্যা ও অপতথ্য’ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের আইনের আওতায় আনার দাবিও জানান।
আরটিভি/এমএইচজে