images

ক্যাম্পাস

চাকরি হারিয়েছেন হাবিপ্রবির ১৪ শিক্ষক

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৩:১১ পিএম

শিক্ষা ছুটি শেষ হয়ে গেলেও ক্যাম্পাসে ফেরেননি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অন্তত ১৮ জন শিক্ষক। এদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যেই চাকুরীচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা প্রায় ৩৯২ জন। এর মধ্যে ৬৯ জন উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণের জন্য শিক্ষা ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশে অবস্থান করছেন। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর অন্তত ১৮ জন শিক্ষক দেশে ফেরত আসেননি।  

প্রশাসন সূত্রে জানা যায়, এদের মধ্যে ১৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Discipline and Appeal Rules 2004-এর 4.1 এর f) ধারা মোতাবেক তাদের চাকরি থেকে অব্যাহতি (Dismissal from Service) দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তাদের কাছ থেকে ছুটিকালীন বেতন ফেরত নেওয়া হয়েছে এবং সেই অর্থের সঙ্গে সুদসহ আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যেই চাকরিচ্যুত শিক্ষকরা কয়েক কোটি টাকা ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। যারা এখনো ফেরত দেননি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া আরও ৪ জন শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে, যথাযথ জবাব না পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  

চাকরিচ্যুত শিক্ষকদের অডিট আপত্তিসহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা ছুটিকালীন বেতনসমূহ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হয়েছে। অন্যথায় পাওনা টাকা আদায়ের জন্য Public Demand Recovery (PDR) আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।  

দেশে না ফেরার কারণ হিসেবে অনেক শিক্ষক বিদেশে স্থায়ী চাকরি বা গবেষণায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কেউ দেশে ফেরেননি—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান বলেন, বর্তমান প্রশাসন শিক্ষাছুটি শেষে শিক্ষকদের ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে। যারা নিয়ম অনুযায়ী দেশে ফেরেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই শিক্ষকরা বিদেশে জ্ঞান অর্জন করে দেশে এসে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিক। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান আরও বৃদ্ধি পাবে।

আরটিভি/এসএস