images

ক্যাম্পাস

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সহযোগিতার আশ্বাস ইবি ভিসির

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৪:১৮ পিএম

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।

শনিবার (২৭ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, ড. মোহা. তোজাম্মেল হোসেন একজন যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ। তার নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি বলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করা হবে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রতিষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে একজন শিক্ষক একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর হিসেবে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে বিভাগের জন্য বড় অর্জন এবং সমগ্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য দক্ষ শিক্ষক ও প্রশাসক তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা ও দক্ষতা অর্জনে আরও মনোযোগী হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) লিখিত পরীক্ষার নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশেষ মতবিনিময় সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

বিশ্ববিদ্যালয়-শিল্প (University–Industry) সহযোগিতা জোরদার করে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও গবেষণামুখী ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। এ লক্ষ্যে ‘ক্লিন ক্যাম্পাস’ ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এসব উদ্যোগ সফল করতে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

শেষে অধ্যাপক ড. মোহা. তোজাম্মেলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে তিনি বলেন, তার নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।

আরটিভি/এমএইচজে