images

ক্যাম্পাস / শিক্ষা

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৭:২৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নারী শিক্ষার্থীকে অজ্ঞাত ব্যক্তির দ্বারা যৌন হয়রানির অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, ১ জুলাই সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি আপত্তিকর ও যৌন হয়রানিমূলক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে শনাক্ত এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাননীয় উপাচার্যের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন
bkb

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনুর রহমান, সদস্য হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং সদস্য-সচিব হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অফিস আদেশে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজ বুধবার ১ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেন। ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

আরটিভি/এসআর