images

ক্যাম্পাস

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১০:৫০ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভাঙচুর ও মারামারির ঘটনায় ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। চার ক্যাটাগরিতে মোট ৬৬ জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, শাস্তির ধরন-১ অনুযায়ী উচ্ছৃঙ্খল আচরণের কারণে ৮ জন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার, লিখিত সতর্কীকরণ এবং প্রত্যেককে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। শাস্তির ধরন-২ অনুযায়ী অস্ত্র হাতে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিষ্কার, হল থেকে বহিষ্কার এবং প্রত্যেককে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদের ভবিষ্যতে আর কখনও আবাসিক হলে বরাদ্দ দেওয়া হবে না।

শাস্তির ধরন-৩ অনুযায়ী অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অভিযোগে ৪৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার, হল থেকে বহিষ্কার এবং প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদেরও ভবিষ্যতে আবাসিক হলে বরাদ্দ দেওয়া হবে না। 

সবশেষে, শাস্তির ধরন-৪ অনুযায়ী, কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টরের উপর আক্রমণের দায়ে ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আরটিভি/এসএস