বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০২:১২ পিএম
‘অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিল্পীদের সম্মিলিত গানের সুরে অনুষ্ঠানে হয়েছে ‘ফোক সন্ধ্যা’।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়। এসময় শিল্পীদের সম্মিলিত কণ্ঠে দেশীয়, ইসলামি, লোকসংগীত, ফোকগীতি ও লালন সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা শ্রোতাদের উৎফুল্ল করে তোলে।
আয়োজকরা বলেন, সময়ের স্রোতে চলা সুস্থ সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাহিত্য সাংস্কৃতিক জোট’ ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। এই মাসের শেষের দিকে জুলাই স্মৃতি সম্পর্কিত ‘জুলাই জাগরণ’ নামক আরেকটি বড়সরে আয়োজন করা হবে।
ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান বলেন, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এমন ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের তৌফিক দান করেছেন। ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে সারা দেশে ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশীয় সংস্কৃতির গান গুলো তুলে ধরার। দর্শক হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরটিভি/এসআর