বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০২:১৮ পিএম
দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তাবিষয়ক আয়োজন ‘ফিনিক্স সামিট ঢাকা ২০২৬’-এ ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব ইন বাংলাদেশ ২০২৬’ সম্মাননা অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব।
দেশের প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবগুলোর মধ্যে কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ফিনিক্স সামিটের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম।
সম্মাননা অর্জনের পর সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, সদস্যদের নিরলস পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং সাইবার নিরাপত্তা সচেতনতা তৈরিতে ধারাবাহিক কাজের ফল হিসেবে এ স্বীকৃতি এসেছে। এটি শুধু সাইবার সিকিউরিটি ক্লাবের অর্জন নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেরও। এই অর্জন ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও আশা করি।
সমাপনী অনুষ্ঠানে দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এ এস এম শামীম রেজা, থিম্পু টেকপার্কের চিফ প্রোগ্রাম অফিসার কিনলে শেরিং, অ্যাক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল এবং রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের সাইবার সিকিউরিটি ডিরেক্টর ফাউজিয়া ইদ্রিসসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দেশের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী, ৭৩টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার একত্রিত হয়। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই বিশেষ সামিটে সার্বিক সহযোগিতা প্রদান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই নজরুল বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সাইবার নিরাপত্তা চর্চায় উৎসাহিত করতে নিয়মিত কাজ করে আসছে।
আরটিভি/এসআর