বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৬:৪৩ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি র্যাগিংয়ে যুক্ত থাকার অভিযোগে ২৫ ও ২৬ ব্যাচের ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
জানা যায়, গত কয়েকদিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে র্যাগিংয়ের খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ সময় র্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীকে শোকজ করে প্রশাসন। শোকজে ৭ কর্মদিবসের মধ্যে তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ দর্শাতে বলা হয়।
শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে শিক্ষার্থী রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, র্যাগিংয়ের অভিযোগে প্রায় সত্তরজনের অধিক শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এখনও শোকজের জবাব পাইনি। অভিযুক্তদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
আরটিভি/এসএস