images

ক্যাম্পাস

ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণ, চার বহিরাগত ধরা

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০১:২৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও ভিডিও ধারণ করার অভিযোগে চার বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ শেষে কয়েকজন নারী শিক্ষার্থী হলে ফিরছিলেন। এ সময় বহিরাগত কয়েকজন যুবক অটোতে করে যাওয়ার সময় ওই নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি ভিডিও ধারণ করে। বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের নজরে এলে তারা দ্রুত ধাওয়া করে চারজনকে আটক করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় বলেন, ঘটনাটি আমার সামনেই ঘটেছে। আমার বিশ্ববিদ্যালয়ের বোনেরা খেলা দেখে হলে ফিরছিলেন। হঠাৎ দেখি অটোতে করে যাওয়া কয়েকজন বহিরাগত তাদের টিজ করছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে অটোরিকশাটি থামাই এবং তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করি।

তবে আটক হওয়া ব্যক্তিদের দাবি, যে ব্যক্তি ভিডিও ধারণ করছিল, সে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আটক হওয়া চারজনের কেউই ভিডিও ধারণা করেনি।

আরও পড়ুন
nazrul-university

ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...

পরবর্তীতে আটক চারজনকে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গভীর রাতে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলি ভুট্টু বলেন, আটককৃতরা সবাই অল্প বয়সী। তারা যে অপরাধ করেছে এটা কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। তবে তারা অঙ্গীকার করেছে এ ধরনের অপরাধ আর করবে না। পরবর্তীতে অভিভাবকসহ সবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই অভিযোগ করেন, বহিরাগতদের অবাধ প্রবেশ এবং পর্যাপ্ত নজরদারির অভাবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলাফেরার সময় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরটিভি/আইএম