বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৮:৩৪ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি আজ ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত থেকে নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ১০ জুলাই এবং ১১ জুলাই সপ্তাহিক ছুটি থাকায় ঐদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা যেসকল শিক্ষার্থীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা আছে তাদের সেগুলো উত্তোলন করে নিজ বিভাগে জমা দিয়ে দিতে হবে এবং যাদের মূল নম্বরপত্র নজরুল বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে, তাদের সেই জমার রিসিভ কপি, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। এছাড়াও, এমসিকিউ পরীক্ষার সময় পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
এরপর মূল ফরম পূরণ করে ব্যাংক রশিদ প্রদান করে ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। পরে নিজ অনুষদীয় ডিনের স্বাক্ষর নিতে হবে। এরপর হল ফি প্রদানের রশিদ ও সংযুক্তির আবেদন জমা দিয়ে মূল ফরমে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে এবং মূল নম্বরপত্র দুটির ফটোকপি, এক কপি রঙিন ছবি এবং জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।
উল্লিখিত সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি ফরম, ব্যাংক রশিদ, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, এক কপি রঙিন ছবি, জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে। কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বাকি ৮৪৪০ টাকা দিতে হবে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে বাকি ৮১৯০ টাকা দিতে হবে।
উল্লেখ্য, ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে পরবর্তী সময়ে যেকোনো ভর্তি সংক্রান্ত দলিল যেমন, সনদপত্র, নম্বরপত্র এবং প্রশংসাপত্র ভুয়া বা জাল প্রমাণিত হলে তার ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা দেওয়া হবে।
আরটিভি/এসআর