images

ক্যাম্পাস / শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু সাত দিনের আন্তর্জাতিক নাট্যোৎসব

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১১:২৩ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আজ ১২ জুলাই থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬। ১৮ জুলাই পর্যন্ত চলবে এই উৎসব।

আয়োজকরা জানান, বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলা এবং নাট্যচর্চার মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল। এবারের নাট্যজন সম্মাননা দেওয়া হবে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে।

আরও পড়ুন
5

যবিপ্রবি ডিবেট ক্লাবের নেতৃত্বে আলভি-মুস্তাফিজ

বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উৎসবের সদস্য সচিব ও কোর্স শিক্ষক মো. মাজহারুল হোসেন তোকদার। সভাপতিত্ব করবেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং উৎসবের আহ্বায়ক অধ্যাপক ইসমত আরা ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা।

সাত দিনের এই উৎসবে প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিনে মঞ্চে আসবে ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়। দ্বিতীয় দিনে কালিকা, তৃতীয় দিনে ইন্ডিপেন্ডেন্স, চতুর্থ দিনে একশ বস্তা চাল, পঞ্চম দিনে দেওয়ান গাজীর কিসসা, ষষ্ঠ দিনে ক্রীতদাসের হাসি এবং সমাপনী দিনে ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া শিল্পাঙ্গনের পরিবেশনায় মঞ্চস্থ হবে পঞ্চমীর চাঁদ।

আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক নাট্যোৎসব শিক্ষার্থীদের নাট্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াবে।


আরটিভি/জেএমএ