রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৪:৩৬ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্সকে বাধ্যতামূলক করার প্রতিবাদে এবং একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে মৌন মিছিল করেছেন সাধারণ সনাতনী শিক্ষার্থীরা।
রোববার (১২ জুলাই) দুপুর ১টায় প্রশাসন ভবনের সামনে ‘সাধারণ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা ছাতা হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ‘ইসলাম শিক্ষা ও বাংলাদেশ স্টাডিজ—কোর্স দুটিকে ঐচ্ছিক করতে হবে’, ‘শিক্ষার্থীর অধিকার রক্ষা কর’, ‘চাপিয়ে দেওয়া কোর্স মানি না, মানব না’, ‘অনুষদভিত্তিক তিন ধরনের মডিউল চালু চাই’, ‘একাডেমিক স্বাধীনতা চাই, বাধ্যতামূলক কোর্স নয়’, ‘শিক্ষার্থীর নিজস্ব পছন্দ ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করুন’, ‘নীতি বদলিয়ে শিক্ষা গড়ো, ইসলামিক স্টাডিজ কোর্স বাতিল করো’ এবং ‘বৈষম্যমূলক শিক্ষা মানি না, মানব না’—সহ বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের ব্যানারে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ—কোর্স দুটিকে ঐচ্ছিক করা, শিক্ষার্থীদের নিজস্ব পছন্দ ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করা।
আরটিভি/টিআর