images

ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত যবিপ্রবি

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১২:৪৪ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

যবিপ্রবির উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছ। তোমরা বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে, দেশ ও জাতির জন্য কাজ করবে। একইভাবে তোমাদের বাবা-মায়েরও একটি স্বপ্ন আছে—তোমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তখন পরিপূর্ণ মানুষ হিসেবে বের হবে। আমাদের দায়িত্ব হলো তোমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। তবে সেই দায়িত্ব পালনের পাশাপাশি তোমাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। আমার বিশ্বাস, তোমরা যারা নতুন এসেছ, তারা নিজেদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সহযোগিতা করবে।

এ ছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবে। ভালো বন্ধু তোমাদের ভালো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এখন থেকে তোমরা যেমন স্বাধীন, তেমনি তোমাদের দায়িত্বও বেশি। এই দেশ ও জাতির প্রতি তোমাদের দায়িত্ব অনেক। আগামী দিনগুলোতে তোমাদের আরও বিচক্ষণতার সঙ্গে চলতে হবে। এই বিশ্ববিদ্যালয় তোমাদের পড়ালেখা ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী চার বছর এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। প্রতি বছর তোমাদের পেছনে সরকারের, অর্থাৎ দেশের সাধারণ মানুষের করের একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। এই অর্থ আমাদের দেশের খেটে খাওয়া কৃষক, দিনমজুর ও মেহনতি মানুষের রক্ত-জল করা উপার্জনের টাকা। তাই দেশের এই সাধারণ মানুষের প্রতি আমাদের এক বিশাল ঋণ রয়েছে। আর এই ঋণ শোধ করার অন্যতম উপায় হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে নিয়োজিত থাকা। আমাদের যেমন দক্ষ মানুষের প্রয়োজন, ঠিক তেমনি এ দেশকে ভালোবাসার মতো সৎ মানুষেরও প্রয়োজন।

ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দলে দলে একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে দেখা যায়। অনেকে বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিনটি মুঠোফোনে ক্যামেরাবন্দী করে রাখেন। মোটকথা, দিনভর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল যবিপ্রবি ক্যাম্পাস।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মরিয়ূম জামিলা, অধ্যাপক ড. মো. নাসিম রেজা, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার, প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং নবীন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই।

এ ছাড়াও অনুষ্ঠানে যবিপ্রবির সব বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।

আরটিভি/টিআর