images

ক্যাম্পাস / শিক্ষা

শহিদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০১:২৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
1

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক দুই নেতা, ঘটনা কী

দোয়া মাহফিলে শহিদ সাজিদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন। তিনি বলেন, "সাজিদ শুধু একজন শিক্ষার্থীই ছিলেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে একজন সাহসী কণ্ঠস্বর ছিলেন। দুঃখজনক হলেও সত্য, এক বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি এবং বিচারও দৃশ্যমান নয়। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো ঘটনার কোনো কূল-কিনারা হয়নি। আমরা দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে।


আরটিভি/জেএমএ