রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৭:৫৩ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে খেলা উপভোগ নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে পরিচয়পত্র (আইডি কার্ড) যাচাই ও যানবাহন তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ক্যাম্পাসে বিপুলসংখ্যক শিক্ষার্থীর সমাগম হবে। এ কারণে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড সঙ্গে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বর হয়ে প্যারিস রোড, রাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফাইনাল ম্যাচ সরাসরি জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। গেটে পরিচয়পত্র যাচাই করা হবে এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। গেটে অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।
আরটিভি/ এসকেডি