images

ক্যাম্পাস

যবিপ্রবি সাংবাদিক সমিতির দুই পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১০:৩৮ পিএম

চাকরিতে যোগদান ও পরবর্তী সময়ে পদত্যাগের কারণে শূন্য হওয়া দুটি গুরুত্বপূর্ণ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস)। এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন। অপরদিকে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কার্যালয়ে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুটি পদের বিপরীতে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন মো. ইমদাদুল ইসলাম।

জানা গেছে, যবিপ্রবিসাসের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি এশিয়ান এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া এসিআই অ্যানিমেল হেলথ-এ অ্যাকুয়া সার্ভিস অফিসার হিসেবে গত ১ জুন যোগদান করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের কোনো সদস্য চাকরিতে যোগ দিলে তাকে পদ থেকে অব্যাহতি নিতে হয়। সে অনুযায়ী তিনি ১৮ জুলাই সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলে পদটি শূন্য হয়ে যায়।

আরও পড়ুন
764

ববি মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগ ছাত্রীর

পরবর্তীতে শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে অংশ নিতে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন নিজ পদ থেকে পদত্যাগ করেন। ফলে সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক উভয় পদই শূন্য হয়ে পড়ে। এসব শূন্য পদ পূরণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ উপ-নির্বাচনের আয়োজন করা হয়। নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের শূন্য দুটি পদ পূরণ হয়েছে।

আরটিভি/এসএস