images

ক্যাম্পাস

দুই দশক পেরিয়েও অডিটোরিয়ামহীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:৫৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও এখনো একটি কেন্দ্রীয় অডিটোরিয়ামের সংকট কাটিয়ে উঠতে পারেনি। ফলে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে নিয়মিত ভোগান্তির মুখে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। স্থায়ী অডিটোরিয়াম না থাকায় প্রতিবারই বাইরে থেকে মঞ্চ ও ডেকোরেশন ভাড়া করতে হচ্ছে। এতে অনুষ্ঠান আয়োজনের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।

২০০৬ সালের ২৮ মে মাত্র ৭টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৯টি বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পাশাপাশি নিবন্ধিত, অনিবন্ধিত প্রায় শতাধিক ছাত্রসংগঠন ও ক্লাব আছে, যারা নিয়মিত অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু বড় কোনো প্রোগ্রাম আয়োজন করতে গেলে এসব সংগঠনকে অডিটোরিয়ামের অভাবে ভোগান্তিতে পড়তে হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক প্রতিষ্ঠিত অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আধুনিক কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মিত হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ সুবিধা ভোগ করছে। অথচ দুই দশক পেরিয়েও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনও কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মিত হয়নি।

শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় অডিটোরিয়ামের অভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে ব্যাহত হচ্ছে। বড় পরিসরের সেমিনার, কর্মশালা, বিতর্ক বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত ভেন্যু না থাকায় অনেক সময় খোলা মাঠ, অস্থায়ী মঞ্চ কিংবা সীমিত ধারণক্ষমতার কনফারেন্স কক্ষ ব্যবহার করতে হয়। তাদের দাবি, অতিদ্রুত একটি কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণ করে এসব ভোগান্তির অবসান করা হোক।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে আধুনিক অডিটোরিয়াম না থাকা লজ্জার বিষয়। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকেই। এসব প্রোগ্রাম আয়োজনের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো অডিটোরিয়াম নাই। যার ফলে বাধ্য হয়ে বাহির থেকে ভাড়া করে অস্থায়ী মঞ্চ তৈরি করে প্রোগ্রাম আয়োজন করতে হয়।

তিনি আরও বলেন, অডিটোরিয়াম না থাকায় কোনো প্রোগ্রাম আয়োজন করতে গেলে যে ভোগান্তির শিকার হতে হয় এই কারণে অনেকে প্রোগ্রাম করতে নিরুৎসাহিত হচ্ছে।

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রহমান আস-সাদী জানান, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অডিটোরিয়াম না থাকায় বড় পরিসরের বিতর্ক প্রতিযোগিতা বা অন্যান্য আয়োজন করতে সবসময়ই ভেন্যু নিয়ে সমস্যায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের বাইরে অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হতে হয়, যা সময়, অর্থ এবং সার্বিক ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তোলে।

আরও পড়ুন
cfdsf

ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের বিস্তারিত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, আমাদের নতুন ক্যাম্পাসে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। নতুন ক্যাম্পাসে অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ থাকায় বর্তমান ক্যাম্পাসের জন্য পৃথক সরকারি বাজেট পাওয়ার সম্ভাবনা খুব কম। আর বাজেট পাওয়া না গেলে তো নতুন করে অডিটোরিয়াম নির্মাণ করা সম্ভব না।

আরটিভি/এসএস