images

ক্যাম্পাস / শিক্ষা

কুবিতে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৪:২৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম বক্সটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। এ সময় সংগঠনের নেতাকর্মী এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ ও চিকিৎসাসামগ্রী রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যারাসিটামল, ফ্লাজিল, অমিডন, গ্যাস্ট্রিকের ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ। এছাড়া থার্মোমিটার, ব্যান্ডেজ, তুলা, হেক্সিসলসহ প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন উপকরণও সংরক্ষণ করা হয়েছে।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. সাকিব হোসেন বলেন, ইসলামী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। ফার্স্ট এইড বক্স (প্রাথমিক চিকিৎসায় মেডিকেল বক্স) শুধু একটি হলে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগে থাকা প্রয়োজন। তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা নিতে এটি খুবই উপকারী হবে। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের এমন একটি উদ্যোগের প্রয়োজন ছিল। তারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নীতির প্রতি শ্রদ্ধা রেখে বক্সটিতে সংগঠনের নাম উল্লেখ না করে জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের নামে এর নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণীয় হতে পারে।

আরও পড়ুন
Web-Image

যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন আব্দুল কাইয়ুম। তার আত্মত্যাগ ও আদর্শকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছি।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, হলে অবস্থানরত শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হলে বা জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের জন্য অনেক দূরে যেতে হয়। অনেক সময় রাতের বেলায় ফার্মেসি বা চিকিৎসাকেন্দ্র বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। সেই বাস্তবতা বিবেচনায় সম্পূর্ণ মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই মেডিকেল বক্স স্থাপন করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী ও জরুরি ওষুধ নিয়মিত সংরক্ষণ করা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত প্রাথমিক সেবা নিতে পারেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এ উদ্যোগে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ ধরনের মেডিকেল বক্স স্থাপন শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। তার স্মরণেই বিজয়-২৪ হলে এই মেডিকেল বক্সের নামকরণ করা হয়েছে।


আরটিভি/জেএমএ