images

ক্যাম্পাস / শিক্ষা

কুবিতে রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র সপ্তাহব্যাপী বিনামূল্যে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৭:২৫ পিএম

‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) ও নতুন সদস্য সংগ্রহ ক্যাম্পেইন শুরু হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

আয়োজকরা জানান, ২৬ জুলাই থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। এ সময়ে শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পাবেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীরা সংগঠনের নতুন সদস্য হিসেবে নিবন্ধন করতে পারবেন।

উদ্বোধনের পর থেকেই ব্যাডমিন্টন কোর্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। বিভিন্ন বিভাগের ও বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ প্রকাশ করে সদস্যপদের ফরম পূরণ করেন।

আরও পড়ুন
Web-Image

জাপানে গবেষণার সুযোগ নিয়ে যবিপ্রবিতে জেএসপিএসের সেমিনার

রক্তের গ্রুপ পরীক্ষা করাতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবসার উদ্দিন বলেন, রক্তদাতা সংগঠন বন্ধু আয়োজিত এই বিনামূল্যের ক্যাম্পেইনে এসে আমি আজ রক্তের গ্রুপ পরীক্ষা করেছি। কোনো খরচ ছাড়াই শিক্ষার্থীরা এখানে রক্তের গ্রুপ জানতে পারছেন। একই সঙ্গে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এজন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাঈম ভুঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতেই আমাদের এই সপ্তাহব্যাপী আয়োজন। প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ নিশ্চিত করা এবং নিয়মিত স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনাই আমাদের মূল লক্ষ্য।

আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরটিভি/জেএমএ