বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:৪৩ পিএম
তিন বছর পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘লেটস টক’। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী দুই পর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রাফিয়া আখতার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী ইউসুফ, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের মো. আকরাম হোসাইন এবং সাইফুরস কোচিং সেন্টারের আইইএলটিএস প্রশিক্ষক জুলকিফল ইসলাম।
এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তিনটি গুরুত্বপূর্ণ বিষয়— সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং জলবায়ু কার্যক্রম। প্রতিযোগীদের নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করতে হবে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি রোখসানা আখতার আরটিভিকে বলেন, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউর মূল লক্ষ্য হলো তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের মাধ্যমে আগামী দিনের আত্মবিশ্বাসী নেতৃত্ব গড়ে তোলা। পাবলিক স্পিকিং শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলার দক্ষতা নয়, বরং নিজের চিন্তা ও মতামত যুক্তিপূর্ণভাবে প্রকাশ করে সমাজকে উদ্বুদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরটিভি/জেএমএ