images

ক্যাম্পাস / শিক্ষা

বিশ্বকাপ শেষ, তবুও স্টুডেন্ট পোর্টালে মেসির ছবি; ভুল নাকি গাফিলতি?

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৮:৪৯ পিএম

ফিফা বিশ্বকাপের ম্যাচ শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্টুডেন্ট পোর্টালের নোটিশ বোর্ডে এখনো প্রদর্শিত হচ্ছে ফুটবল তারকা লিওনেল মেসির একটি ছবি। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকের প্রশ্ন, এটি কি কেবল অনিচ্ছাকৃত ভুল, নাকি দায়িত্বে অবহেলারই বহিঃপ্রকাশ?

বুধবার (২৯ জুলাই) স্টুডেন্ট পোর্টালের নোটিশ বোর্ডে ছবিটি দেখা যায়। পোর্টালের তথ্য অনুযায়ী, ছবিটি গত ১৮ জুন আপলোড করা হয়েছিল। 
ধারণা করা হচ্ছে, ১৬ জুন অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারানোর পর, ওই ম্যাচে হ্যাটট্রিক করা লিওনেল মেসিকে ঘিরেই ছবিটি যুক্ত করা হয়েছিল।

তবে এরপর স্টুডেন্ট পোর্টালে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক নোটিশ প্রকাশিত হলেও মেসির ছবিটি সরানো হয়নি। ফলে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন
L_copy

স্মার্ট কৃষিসেবা প্রদানে হাবিপ্রবি শিক্ষার্থীর অনন্য উদ্ভাবন ‘ক্রপস ডক্টর’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছবিটি ভুলবশত আপলোড হয়েছিল। তবে ভুলটি শনাক্ত হওয়ার পরও কেন দীর্ঘদিন সেটি সরানো হয়নি—এ বিষয়ে তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

শিক্ষার্থীদের অনেকেই মনে করেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল স্টুডেন্ট পোর্টালের নোটিশ বোর্ডে দীর্ঘদিন ধরে এমন একটি অপ্রাসঙ্গিক ছবি প্রদর্শিত হওয়া দায়িত্বশীলতার ঘাটতির ইঙ্গিত দেয়। তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ নোটিশের পাশাপাশি এমন অসংগতিপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ঘটনাটি সামনে আসার পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষার্থীরা।

আরটিভি/এসআর