images

ক্যাম্পাস

ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুবি শিক্ষার্থীরা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১১:০০ পিএম

তিন দফা দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হওয়ায় আগামী রোববার (২ আগস্ট) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিন দফা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতি বিবেচনায় নিয়ে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালুর জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

তবে তিন দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা অসহযোগিতামূলক আচরণ দেখা গেলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে, গত ২২ জুলাই রাতে বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের সময় ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। ঘটনার পরদিন সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। একই দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিন দফা দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তারা স্বাভাবিক একাডেমিক পরিবেশে ফিরতে চান। তবে দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা অসহযোগিতা দেখা দিলে প্রয়োজনে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরটিভি/টিআর