images

ক্যাম্পাস / শিক্ষা

শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১১:১৬ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী এসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করায় তাকে ৩০০ বার শিক্ষকের নাম লিখে আনতে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ এসাইনমেন্টে বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানানে ভুল করেন। এ ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষক তাকে ৩০০ বার নিজের নাম লিখে জমা দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

image

পরে সাইদুল ইসলাম সাইদ নিজের ফেসবুক আইডিতে শাস্তিস্বরূপ লিখে আনা খাতার ছবি প্রকাশ করে লিখেন, গত রাতটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর 'Morium'-এর পরিবর্তে 'Morioum' লেখার কারণে আমাকে পুরো লেখাটি ৩০০ বার সংশোধন করতে হয়েছে।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক শিক্ষার্থী এ ধরনের শাস্তিকে অপ্রাসঙ্গিক ও অপমানজনক বলে মন্তব্য করেন, আবার কেউ কেউ শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থনও করেন।

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার এক ফেসবুক পোস্টে লিখেন, কত কত অযাচিত অ্যাসাইনমেন্ট করেছি তার হিসাব নেই। ক্রিয়েটিভিটির নামে দেখে দেখে অ্যাসাইনমেন্ট করানো আর এ ধরনের র‍্যাগিং-ই এখানে নিয়মিত বিষয়। শিক্ষক কর্তৃক বিভিন্ন ধরনের র‍্যাগিংয়ের মুখোমুখি হওয়া এই বিভাগে খুবই মামুলি ঘটনা।

image

অন্যদিকে, ইসরাত জাহান নামে এক শিক্ষার্থী শিক্ষকের পক্ষে মন্তব্য করে লিখেন, তৃতীয় বর্ষে পড়ে একজন ফ্যাকাল্টি মেম্বারের নাম ভুল করেন, তারপর আবার সেটি নিয়ে পোস্ট করেন ন্যূনতম বিবেকবোধ থাকা উচিত।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরটিভি/এসকে